মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টা থেকে নতুন দাম কার্যকর হবে।
আগের তুলনায় দাম বৃদ্ধি
আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ইতিমধ্যেই ২ হাজার ১৫৭ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে আবারও ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম ৪ হাজার ১৪০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, আর ১৮ ক্যারেটের সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায়।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম বাড়লেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর এই দাম বৃদ্ধি কার্যকর হয়েছে। এর আগে টানা সাত দফা সোনার দাম কমানো হয়েছিল।

0 Comments