সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

৫ তলা ভবন থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু


 সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে থানা ছাত্রদলের সহ-সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনোয়ার হোসেন বকশীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের অভিযানের সময় ছাদে যাওয়ার দাবি

নিহতের বাবা মুহম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল তাদের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় পুলিশ তার দুই ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিককে খুঁজছিল।

তার দাবি, পুলিশের একজন সদস্য দৌড়ে ভবনের ছাদে চলে যান। এর কিছুক্ষণ পরই নিচে বিকট শব্দে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে নিচে গিয়ে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর পুলিশ সদস্যরা সেখানে অবস্থান না করে দ্রুত চলে যান। পরে প্রতিবেশীদের সহায়তায় আহত অবস্থায় মনোয়ারকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, রংপুরের পীরগাছা থানায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় শাহরিয়ার কবির সৌমিকের পাশাপাশি মনোয়ার হোসেন বকশীকেও আসামি করা হয়েছিল।

তিনি বলেন, পীরগাছা থানার এসআই মনোরঞ্জন বর্মন সাভার থানায় রিকুইজিশন নিয়ে আসেন। পরে সাভার থানার একজন এসআইকে সঙ্গে নিয়ে আসামিকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে আসামি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে পুলিশের অভিযানের পর সদস্যদের দ্রুত ঘটনাস্থল ত্যাগের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের এভাবে চলে যাওয়া ঠিক হয়নি।

তদন্ত ও বিচার দাবি

ঘটনার সুষ্ঠু তদন্ত করে ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের বাবা মুহম্মদ জাফর আলী।

এদিকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পরই স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


 #সাভার #মনোয়ারহোসেনবকশী #ছাত্রদল #পুলিশঅভিযান #রহস্যজনকমৃত্যু #ময়নাতদন্ত #সাভারসংবাদ #ঢাকাসংবাদ #বাংলাদেশসংবাদ #News

Post a Comment

0 Comments