আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ১৯৬ জন বৈধ প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। আরও দুজন প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া চলমান রয়েছে। তারা যুক্ত হলে দলটির মোট প্রার্থী সংখ্যা দাঁড়াবে ১৯৮ জনে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুরুতে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও আপিল ও আইনি প্রক্রিয়ায় প্রায় সব মনোনয়নই পুনর্বহাল হয়েছে। এমনকি কয়েকটি বিষয়ে হাইকোর্ট থেকেও জাতীয় পার্টির পক্ষে রায় এসেছে। ফলে বর্তমানে ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন।
বিভাগভিত্তিক প্রার্থীর হিসাব তুলে ধরে তিনি জানান—ঢাকা বিভাগে ৫১ জন, চট্টগ্রামে ৩৪ জন, রাজশাহীতে ২৩ জন, খুলনায় ২৪ জন, রংপুরে ৩০ জন, সিলেটে ১১ জন, বরিশালে ১১ জন এবং ময়মনসিংহে ১২ জন প্রার্থী রয়েছে। দুজনের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি।
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, জাতীয় পার্টি একটি অন্তর্ভুক্তিমূলক প্রার্থী তালিকা দিয়েছে। এতে নারী প্রার্থী, বিভিন্ন ধর্মের প্রতিনিধি এবং একজন খ্রিস্টান প্রার্থীও রয়েছেন। বর্তমানে তালিকায় ছয়জন নারী প্রার্থী রয়েছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন হলে জাতীয় পার্টির অনেক প্রার্থী বিজয়ী হবেন বলে দলটি বিশ্বাস করে।
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রার্থী কামরুল ইসলামের নাম অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েছিল, সেটিও তালিকায় যুক্ত করা হবে। পাশাপাশি আগামী দু-এক দিনের মধ্যে আরও দুটি আসনের প্রার্থীর নাম যুক্ত হতে পারে।
0 Comments