ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মামুন মিয়া (৪৫) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ছোট ভাইয়ের স্ত্রী হালিমা আক্তারের লাথির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া ওই গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় পল্লি চিকিৎসক ছিলেন। মাঝিয়ারা বাজারে তার একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মৃধাবাড়িতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় মামুন মিয়া গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রী হালিমা আক্তারকে আটক করেছে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, নিহতের স্ত্রী নয়নতারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#ব্রাহ্মণবাড়িয়া #নবীনগর #পল্লিচিকিৎসক #মামুনমিয়া #পারিবারিককলহ #হত্যাকাণ্ড #বাংলাদেশনিউজ #নবীনগরনিউজ #ব্রাহ্মণবাড়িয়ানিউজ #Bangla24News

0 Comments