সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ কনস্টেবল কারাগারে

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, পুলিশ কনস্টেবল কারাগারে

 শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন সোহাগ মিয়া। শুনানি শেষে শেরপুর সদর সিআর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান। সোহাগ মিয়া বর্তমানে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর শেরপুর সদর উপজেলার সূর্য্যদী মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হাসেনের ছেলে সোহাগ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী বয়ড়া পরাণপুর গ্রামের মো. আজাদ মিয়ার মেয়ে লাকী আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তানের জন্ম হয়।

লাকী আক্তারের অভিযোগ, বিয়ের সময় যৌতুক দেওয়ার পরও স্বামী সোহাগ মিয়া আরও যৌতুকের জন্য তাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। একপর্যায়ে চলতি বছরের ২৪ জুন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে এ ঘটনায় ২৯ জুন শেরপুরের আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৫-এর ১১(গ) ধারায় মামলা করেন লাকী আক্তার।

মামলার পর বৃহস্পতিবার বিকেলে সোহাগ মিয়া আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, যৌতুকের মামলায় পুলিশ কনস্টেবল সোহাগ মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

#শেরপুর #যৌতুক #নারীনির্যাতন #পুলিশকনস্টেবল #আদালত #কারাগার #বাংলাদেশনিউজ #শেরপুরনিউজ #Bangla24News

Post a Comment

0 Comments