সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

অনুমোদন ছাড়াই চালু লেংটার মেলা, দুই দিনের মাথায় বন্ধ

অনুমোদন ছাড়াই চালু লেংটার মেলা, দুই দিনের মাথায় বন্ধ

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় শুরু হওয়া ঐতিহ্যবাহী সোলেমান লেংটার মেলা শুরুর মাত্র দুই দিনের মাথায় বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়াই মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরশ ও মেলার আয়োজন শুরু করা হয়। শুরু থেকেই মেলায় মাদক কেনাবেচা, সেবন এবং অশ্লীল নৃত্যের অভিযোগ ওঠে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে।

সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এ মেলায় হাজারো মানুষের সমাগম ঘটে। বিভিন্ন পণ্যের দোকান ছাড়াও মাজার সংলগ্ন পুকুরপাড়, বাগান ও বেড়িবাঁধ এলাকায় প্রকাশ্যে মদ ও গাঁজার আসর বসে। বিভিন্ন জেলা থেকে আগত মাদকসেবীরাও সেখানে ভিড় জমায়।

স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, মেলার আড়ালে দুই শতাধিক স্থানে মাদক লেনদেন চলছে এবং এতে তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ছে। প্রতিদিন বিপুল পরিমাণ অর্থের মাদক বিক্রি হচ্ছে বলেও দাবি করেন তারা।

পুলিশ জানায়, মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউনিফর্ম ও সিভিল পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। মতলব উত্তর থানার (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, মেলা বন্ধের ঘোষণা দিতে মাইকিং করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় মেলা চালু রাখা সম্ভব নয়। তাই বৃহস্পতিবার থেকে মেলা পুরোপুরি বন্ধ থাকবে।

এর আগে, মেলার প্রথম দিনেই মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে আহত করার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। অভিযোগ রয়েছে, মাদক ও জুয়ার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটে।

প্রশাসনের এ সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও স্থানীয়দের একটি বড় অংশ মেলা বন্ধের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

Post a Comment

0 Comments