নওগাঁর পত্নীতলায় নারী সেজে বোরকা পরে ফিলিং স্টেশনে তেল নিতে এসে এক যুবক জনতার হাতে ধরা পড়েছেন। বুধবার (১ মার্চ) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তেল সংকটের কারণে ওই রাতে ফিলিং স্টেশনে ছিল ব্যাপক ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছিল চালকদের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন পাম্পের কর্মীরাও।
এমন সময় বোরকা পরিহিত এক ব্যক্তি তেল নিতে এলে উপস্থিত জনতার সন্দেহ হয়। পরে যাচাই করে দেখা যায়, তিনি আসলে একজন যুবক। বিষয়টি বুঝতে পেরে মুহূর্তেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা জানান, তেল সংকটের কারণে অনেক ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছিল। সেই সুযোগ নিতেই হয়তো ওই যুবক নারী সেজে তেল নেওয়ার চেষ্টা করেছিলেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই যুবককে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

0 Comments