সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্যয় সাড়ে ৮ কোটি, দুই মাস না যেতেই রাস্তায় ধস

ব্যয় সাড়ে ৮ কোটি, দুই মাস না যেতেই রাস্তায় ধস

 সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় নির্মাণের মাত্র দুই মাসের মাথায় একাধিক আরসিসি সড়কের গাইড ওয়ালে ধস ও ফাটল দেখা দিয়েছে। প্রায় ৮ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এসব সড়কের এমন বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বুধবার (২৫ মার্চ) জেলা প্রশাসক আমিনুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন রিপন সরকার নামে এক ব্যক্তি। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

প্রকল্পে অনিয়মের অভিযোগ

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরে বৃহত্তর পাবনা ও বগুড়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তাড়াশ পৌরসভায় ১৭টি আরসিসি রাস্তা নির্মাণ করা হয়। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই এসব রাস্তায় ধস ও ফাটল দেখা দেয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত মান অনুযায়ী কাজ না করে ঢালাই কম দেওয়া, রডের দূরত্ব বাড়ানো এবং গাইড ওয়ালে প্রয়োজনীয় রড ব্যবহার না করার মতো গুরুতর অনিয়ম করা হয়েছে।

সরেজমিনে মিলেছে অভিযোগের সত্যতা

এলাকাবাসীর দাবি, খুঁটিগাছা ও ভাদাশ পশ্চিমপাড়া এলাকায় ইতোমধ্যে গাইড ওয়াল ধসে পড়েছে। কোথাও কোথাও ধস ঠেকাতে বাঁশের খুঁটি ব্যবহার করা হচ্ছে। আবার কিছু স্থানে গাইড ওয়াল নির্মাণ অসম্পূর্ণ রেখেই কাজ শেষ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, “রাস্তা নির্মাণের ৫০ দিন না যেতেই গাইড ওয়াল ধসে পড়েছে। পুরো এলাকার রাস্তাগুলোর অবস্থা একই।”

তদন্তের আশ্বাস প্রশাসনের

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments